দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে সাউদার্ন ও আইআইইউসি

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাউদার্ন ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে সাউদার্ন ইউনিভার্সিটি একতরফা ম্যাচে সহজেই ৫–১ গোলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে। তবে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) টাইব্রেকারে ৪–৩ গোলে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আগামীকাল ১৭ নভেম্বর মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে সাউদার্ন ইউনিভার্সিটির সামনে দাঁড়াতেই পারেনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। অবশ্য দলীয় শক্তির বিচারেও বেশ এগিয়ে ছিল সাউদার্ন। তার উপর খেলার শুরুতেই যখন দলটি গোলের দেখা পেয়ে যায় তখন আর সাউদার্নকে ধরে রাখা যায়নি। একে একে আরো ২ গোল করে ৩–০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সাউদার্ন। খেলার ২য় মিনিটে অধিনায়ক ফাহিমকে বক্সের ভেতর অবৈধভাবে ফাউল করলে পেনাল্টি পায় সাউদার্ন ইউনিভার্সিটি। দলীয় অধিনায়ক ফাহিম নিজেই গোল করে দলকে ১–০ ব্যবধানে এগিয়ে নেন। ৯ মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে জোরালো শটে বল জালে জড়ান নকী চন্দ্র দাস (২–০)। ২০ মিনিটে অধিনায়ক ফাহিম একক প্রচেষ্টায় বক্সে ঢুকে ২/৩ জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্লেসিং শটে গোল করলে (৩–০) তে লিড পায় সাউদার্ন ইউনিভার্সিটি। বিরতির পর হঠাৎ করেই যেন মিনিট ছয়েকের জন্য জ্বলে ওঠেছিল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। তার মধ্যে নিশ্চিত ৩টি সুযোগ থেকে, একটি গোল করেন মিসকাত (৩–১)। ক্রসবারে লেগে প্রতিহত হয় সাকিবের শট। আরেকবার হাসান একেবারে কাছ থেকে বাইরে মেরে দেন। অপ্রত্যাশিতভাবে গোল হজম করার পর সাউদার্ন ইউনিভার্সিটি স্বরূপে ফিরে আসতে বেশি সময় নেয়নি। তারা ১৩ মিনিটেই ব্যবধান বাড়িয়ে আবারো মাঠে প্রভাব বিস্তার করে। এ সময় বাদিকে নকীর ক্রস কিপারের হাত ছুয়ে বক্সে আছড়ে পড়লে জোনায়েদ নিখুঁত শটে গোল করেন (৪–১)। ২৩ মিনিটে আনন্দ গোল করলে (৫–১)-এর বড় জয়ে ফাইনালে পৌঁছার আনন্দে মাঠ ছাড়ে সাউদার্ন ইউনিভার্সিটি। খেলা শেষে সেরা খেলোয়াড় সাউদার্ন ইউনিভার্সিটির অধিনায়ক ফাহিমের হাতে পুরস্কার তুলে দেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, ডিন প্রফেসর মাইনুল হোসেন ও রেজিস্ট্রার ওবায়দুর রহমান। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালটি একপেশে হলেও দ্বিতীয় সেমিফাইনালটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আক্রমণ পাল্টা আক্রমণ এবং উত্তেজনায় ভরপুর খেলাটি দু–দলের সমর্থকদের যথেষ্ট আনন্দ দিয়েছে। উপভোগ্য খেলাটিতে যে কেউ জিততে পারতো। দু–দল মরিয়া হয়ে লড়াই করার চেষ্টা করেছে, আক্রমণেও গেছে বারবার।

কিন্তু কখনো স্ট্রাইকারদের ব্যর্থতা, কখনো ডিফেন্ডার ও কিপারের দৃঢ়তায় কোন পক্ষই গোলের দেখা পায়নি। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে আইআইইউসির আরভি, সাগর, শোভন ও নবী এবং পোর্ট সিটির শওকত ওসমান, তাসিন ও শোয়েব গোল করেন। এছাড়া পোর্ট সিটি’র দুই নম্বরে মারা সালাউদ্দিনের শট আইআইইউসি’র কিপার শ্রাবণ ঠেকিয়ে দেন এবং ৫ম শটে রিফাত বাইরে মারলে টানা ৪ শটে ৪ গোল করা আইআইইউসি ৪–৩ গোলে জিতে ফাইনালে খেলা নিশ্চিত করে। আইআইইউসির কিপার শ্রাবণ সেরা খেলোয়াড় মনোনীত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন আইআইইউসির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসমত আলী।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট অভিষেকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন মাহফিজুল
পরবর্তী নিবন্ধ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত