বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাটিতে সিরিজ হলেও বাংলাদেশকে কোনোভাবেই হালকা নিচ্ছে না স্বাগতিকরা।
বরং প্রতিপক্ষের শক্তি বিবেচনায় নিয়ে যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে দুটি টেস্ট খেলবে দুই দল। ২০২২ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ১–০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এই সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে টাইগারদের। তবে চোটের কারণে দলের অন্যতম পেসার নাহিদ রানাকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। রানা না থাকলেও বাংলাদেশের পেস আক্রমণকে যথেষ্ট সমীহ করছেন বাভুমা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার হাইভেল্ড অঞ্চলের উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করেন তিনি। সান স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাভুমা বলেন, ‘আমরা যে ভেন্যুগুলোতে খেলব, সেগুলো হাইভেল্ড অঞ্চলে। আমরা জানি, এসব উইকেটে পেস বোলাররা সহায়তা পায়। আর বাংলাদেশেরও পেস বোলিংয়ে সেই সামর্থ্য রয়েছে।’ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ব্যাটিং প্রস্তুতির ওপরও গুরুত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তার মতে, বর্তমান ক্রিকেটে কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। যে কোনো দল নিজেদের দিনে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। বাভুমা আরও বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে আমাদের নিশ্চিত করতে হবে, প্রস্তুতির প্রতিটি জায়গায় যেন ঠিকভাবে কাজ করা হয়। মানসিকভাবেও কোনো কিছু হালকাভাবে নেওয়া যাবে না। এখন বিশ্বের কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। নিজেদের দিনে যে কোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার সময় যেন আমরা অপ্রস্তুত অবস্থায় না পড়ি, সেটি নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নেব। তবে বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেব না।’ আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।











