বাঁশখালীতে শীলকূপে আগুন, ৫ বসতঘর পুড়ল

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিচরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। গতকাল শুক্রবার সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মনকিচর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মোহাম্মদ জাফর, পারেসুল আলম, অছিউর রহমান, মোহাম্মদ তৌহিদ ও মোজাফফর আহমদ।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোর সকালে মোজাফ্‌ফর আহমদের ঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা আরও ৪টি বসতঘরে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও ক্ষতিগ্রস্ত পারেসুল আলম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পাঁচটি বসতঘরই জ্বলতে থাকে, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরগুলোর আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাঁশখালী স্টেশনের টিম লিডার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরিষদের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনার ক্ষয়ক্ষতির বিবরণ উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পরিষদের পক্ষ থেকে শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধপরিবহন শ্রমিকেরা অর্থনীতির অন্যতম চালিকাশক্তি