চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী থানাধীন শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। এ সময় আভিযানিক দল বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ২টি ট্রলিং জাল ও ৪০০ কেজি সামুদ্রিক মাছসহ ৪ জন জেলেকে আটক করে।
পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সুমন আল মুকতি।














