কাপ্তাই–ঘাঘড়া সড়কের পাগলীপাড়া এলাকায় সড়কের মাঝখানে খাড়া হয়ে আছে একটি লোহার রড। কয়েক দিন ধরে এভাবেই পড়ে রয়েছে সেটি। এতে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।
স্থানীয়দের ভাষ্য, এ পর্যন্ত রডটির সঙ্গে ধাক্কা লেগে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি টেক্সি দুর্ঘটনার কবলে পড়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। তবে রাস্তায় একটি বিপজ্জনক বাঁক থাকায় দূর থেকে রডটি সহজে চোখে পড়ে না। টেক্সিচালক মো. সোলায়মান বলেন, বাঁকের কারণে সামনে কী আছে, তা হঠাৎ বোঝা যায় না। রাস্তায় খাড়া হয়ে থাকা রডটির সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা সুশীল চাকমা বলেন, সড়কে আরসিসি ঢালাইয়ের সময় কয়েকটি লোহার রড ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৩ ফুট লম্বা একটি রড সড়কের মাঝখানে খাড়া হয়ে ওঠে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও সেটি ভাঙতে বা নিচু করতে পারেননি।
দুর্ঘটনা এড়াতে রডটির মাথায় একটি পলিথিন বেঁধে রাখা হয়েছে বলে জানান তিনি। তবে রাতে সেটিও চোখে পড়ে না। দ্রুত রডটি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।












