বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকায় একটি বসতঘরের তালা ভেঙে আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও গৃহস্থালি সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। সরকার বাড়ির প্রয়াত সমাজসেবক সঞ্জিত (মিন্টু) বৈদ্যের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের সদস্য বিকাশ বৈদ্য (৪০) অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কারণে তারা চট্টগ্রাম শহরে বসবাস করেন। পূর্ব গোমদণ্ডীর সরকার পাড়ায় তাদের একটি মাটির বসতঘর রয়েছে। গত ৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ঘরটি তালাবদ্ধ করে তারা চট্টগ্রাম শহরে চলে যান। পরে ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে গিয়ে ঘরের তালার লক ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে তিনটি খাট, কাঠের আলনা, চারটি প্লাস্টিকের চেয়ার, পাঁচটি সিলিং ফ্যান, লোহার আলমিরা, ফ্রিজ, পুরোনো টেলিভিশন, বেসিন, চুলাসহ গ্যাসের বোতল, সাইকেল, পানির মোটর ও কল। এসবের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া বৈদ্যুতিক তার, সুইচ বোর্ড, প্রায় ২০০ ফুট পানির পাইপ, হোল্ডার, লাইট, সিলভারের ডেক–ডেকসি, রান্নার সামগ্রী, কাপ–পিরিচ, প্লেটসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে। এসবের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।












