বরকলে ধরা পড়া বিরল লজ্জাবতী বানর বনে অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলার সংরক্ষিত বনে একটি বিরল প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ বা লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক চিকিৎসার পর সেটিকে বনে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম গত বুধবার তার বাড়ির পাশ থেকে বানরটি আটক করেন। খবর পেয়ে গতকাল সকালে বরকল বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির বনকর্মীরা গিয়ে সেটি উদ্ধার করেন। পরে খাবার ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় দুপুর ২টার দিকে বানরটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। বন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটির বয়স আনুমানিক তিন থেকে সাড়ে তিন বছর।

বরকল বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। বানরটিকে সুস্থ মনে হওয়ায় দুপুরে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে দেশে ঈদের খাবার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম