বন্ড সুবিধায় কাঁচামাল এনে স্টকলটে তৈরি পোশাক রপ্তানির চেষ্টা!

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি পোশাকের পরিবর্তে স্থানীয়ভাবে সংগ্রহ করা স্টকলট পোশাক রপ্তানির চেষ্টা করেছে গাজীপুর সদরের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকেসি সোয়েটার লিমিটেড। ভুয়া ও ঘোষণা বহির্ভূত পণ্য রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে। চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডির প্রিভেন্টিভ টিম গতকাল দুপুরে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস নামের একটি অফডকে রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটন করেছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রাজস্ব ফাঁকি চেষ্টার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৩ নভেম্বর রপ্তানি চালানটি সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় পণ্য চালানটির ঘোষিত ৩ ধরণে র পণ্য যথাক্রমে লেডিস, মেন্স সোয়েটার ৩৯ হাজার ৩৭৯ পিস, লেডিস স্কার্ট ৪৫৮ পিস এবং লেডিস প্যান্ট ১৭১ এর পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা বহির্ভূত ৪০ হাজার ৮ পিস বিভিন্ন ধরণের স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়। পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার এবং পণ্যের গন্তব্যস্থল ছিল লেবানন। তবে ইউডিতে উল্লেখ করা হয় বেলজিয়াম।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রপ্তানিকারক প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) অধীনে আমদানিকৃত কাঁচামাল ৬০ শতাংশ অর্গানিক কটন, ৪০ শতাংশ নাইলন ২/২৩ এনএম, ৭৫ শতাংশ পলিয়েস্টার, ২৫ শতাংশ রিসাইকেলড পলিয়েস্টার ১/৬এনম, ১০০ শতাংশ নাইলন ফেদার ১/১২এনএম, বর্ননার/ফেব্রিকেশ এবং বন্ড সুবিধায় আমদানিকৃত এঙেসরিজ আরএফআইডি, মেটাল জিপার, ট্রান্সপারেন্ট রাবার লেভেল, ইন্টিগ্রেটেড সিকিউরিটি লেভেল অবৈধভাবে অপসারণের বিষয়টি উদ্ঘাটিত হয়।

অর্থাৎ বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ঘোষিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য (স্থানীয়ভাবে সংগৃহিত স্টকলটের তৈরি পোশাক) রপ্তানির চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক–কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় সরকারের আনুমানিক ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার ভ্যাট ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডি চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসের পণ্যের কায়িক পরীক্ষণের নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধএক দফা থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা