গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বিকেলে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া উদ্ধার অভিযান চালিয়ে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়ে বলেন, গত ৮ জুলাই এফবি মা–২ নামের একটি ফিশিং বোট ১৯ জেলেসহ হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। ১৩ জুলাই থেকে ইঞ্জিন বিকল হয়ে বোটটি সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে ২ দিন পর মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, গতকাল সকাল ১০টায় ওই বোটের এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি অবিহত করে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে বিকল বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এরপর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। এখন বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম।











