এবার ঢাকা মাতাবেন সঞ্জয়

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবল ২০২৬এর কানাডা পর্বের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব। এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করবেন তিনি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের দিন ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত ‘ফ্যান ফেস্ট ২.০’এর সমাপনী আয়োজন। এই আয়োজনের মঞ্চে উঠবেন এই তারকা। খবর বাংলানিউজের।

জানা গেছে, বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালকে ঘিরে আয়োজন করা হয়েছে ৬ দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’। ট্রিপল টাইম কমিউনিকেশনস আয়োজিত এই আয়োজনে বড় পর্দায় সরাসরি খেলা দেখার পাশাপাশি রয়েছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।

প্রথম সেমিফাইনালের দিন উদ্বোধন হয় ফ্যান ফেস্টের। প্রথম দিনের মঞ্চে ছিলেন ফিরোজ জং ও ডিজে সুমন। দ্বিতীয় সেমিফাইনালের দিনে পারফর্ম করবেন ব্ল্যাক জ্যাং ও ডিজে তন্ময়। আজ পরিবেশনা করবেন তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। আগামীকাল মঞ্চ মাতাবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই থাকছেন ডিজে সানী। ফাইনালের দিন (১৯ জুলাই) বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন সঞ্জয় দেব। তার সঙ্গে থাকবেন ডিজে জুডু।

অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’তে এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের প্রতিদিনের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকা। আর বিশ্বকাপ ফাইনালের দিনের টিকিটের মূল্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। মাত্র তিন বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে হাতেখড়ি হয় তার। ১১ বছর বয়সে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। তার প্রযোজনায় গান গেয়েছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ এবং জেফারসহ বহু জনপ্রিয় শিল্পী।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি সভাপতি তামিমকে আইসিসির স্বীকৃতি
পরবর্তী নিবন্ধফেইমের ২৯ বছরে পদার্পণে নানা আয়োজন