ফটিকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উচি মারমা (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল রবিবার ভোরে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝনঝইন্না ব্রীজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক উচি মারমা খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রামচু বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার একটি আভিযানিক দল ঝনঝইন্না ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে প্লাস্টিকের জারে লুকানো ২৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিক মাদকসহ যুবককে আটক করে এবং তার ব্যবহৃত কালো রঙের নাম্বারবিহীন হোন্ডা মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।












