পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ ও ১৯ এপ্রিল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ১৮ এপ্রিল রাতে ভাটিখাইন ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ আবদুল মাবুদ ওরফে দুদু মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে কচুয়াই ইউনিয়ন থেকে ৮ পিস ইয়াবাসহ কুতুব উদ্দিন (৩৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ধলঘাট ইউনিয়নের আলমপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী জোবায়ের ইবনে আলম হামীমকে (২০) গ্রেপ্তার করা হয়। কচুয়াই এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার পরোয়ানাভুক্ত আসামি হাবিবুর রহমান রানা (২২) ও মো. ইসমাইল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে আরও ৫ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জিআর পরোয়ানাভুক্ত মো. শফিউল বশর মিয়াজী ওরফে শরীফ, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আবু তাহের, সুমন সর্দ্দার, মো. কাউছার উদ্দীন এবং মোহাম্মদ জসীম উদ্দিন। পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।












