বিজিএমইএ স্কুলে পুরস্কার বিতরণ ও বিনামূল্যে চক্ষু ক্যাম্প

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

বিজিএমইএ স্কুল চট্টগ্রামের বার্ষিক পুরস্কার বিতরণ ও বিনামূল্যে চক্ষু ক্যাম্প গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। মুরাদপুরস্থ স্কুল ক্যাম্পাসে এই কার্যক্রমে শতাধিক স্কুল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ড্রেস, ব্যাগ, জুতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিএমইএ।এতে প্রধান অতিথি বিজিএমইএ’র ভারপ্রাপ্ত প্রথম সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সম্পূর্ণ নিজস্ব খরচে ২০০৫ সাল থেকে বিজিএমইএ স্কুলটি পরিচালনা করছে। বিনামূল্যের এই স্কুলে ২০ বছর ধরে পড়ালেখা করে আজ শতাধিক শিক্ষার্থী প্রতিষ্ঠিত। তারা স্ব স্ব কর্মক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রাখছে। আমরা চাই স্কুলটির আরও মানোন্নয়ন করতে উপযুক্ত স্থানে স্থানান্তরিত করতে, যাতে চট্টগ্রামের অধিক সংখ্যক তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের ছেলেমেয়েরা বিনামূল্যে এই স্কুলে পড়ার সুযোগ পায়।

প্রধান বক্তার বক্তব্যে বিজিএমইএ স্কুলের পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী বলেন, আজ এই স্কুলের শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে পড়ছে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্রছাত্রীদের দেখাবেন এই স্কুলে পড়ে আজ তারা কোথায় গেছেন, যাতে তারা উৎসাহিত হন। অভিভাবকরা সন্তানদের শিষ্ঠাচার শেখাবেন, সৎ ও নীতিবান হতে বলবেন। সততা শিক্ষার মানকে আরও বাড়িয়ে দিতে পারে। শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়া পড়লে হবে না, তাদের সামাজিকভাবেও বড় হতে হবে। সভাপতির বক্তব্যে বিজিএমইএ স্কুলের চেয়ারম্যান আরশাদউর রহমান বলেন, বিজিএমইএ স্কুলের শিক্ষার্থীরা অত্যন্ত ভালো পরিবেশে পড়ালেখা করছে। একটা মানসম্পন্ন স্কুলের ছেলেমেয়েরা যে ধরনের কাপড়ছোপড় পড়ছে আমরা বিনামূল্যে সে ধরনের কাপড় শিক্ষার্থীদের দিচ্ছি। আমরা চাই সমাজের শ্রমজীবি পরিবারের সন্তানরা পড়ালেখায় পিছিয়ে না পড়ুক। বিজিএমইএ’র সকল সদস্য তাদের অভিভাবক হিসেবে পাশে আছে। বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ’র পরিচালক মো. সাইফ উল্যাহ মানসুর, উচ্চ শিক্ষা অর্জনের সুফল ও সমাজে সফল ব্যক্তিদের প্রতিষ্ঠিত হওয়ার উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। বক্তব্য রাখেন ফ্যাশন অব ওয়েলস’র ব্যবস্থাপনা পরিচালক ওদুদ মোহাম্মদ চৌধুরী, শ্যারেন ছুঁ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক কাজী শফিকুল ইসলাম টিটু, প্রগ্রেসিভ অ্যাপারেলসের চেয়ারম্যান মোর্শেদ কাদের চৌধুরী, চিটাগাং ফোর ব্রাদার্স অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী উৎপল, এসএমই বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল শুক্কুর, লায়ন্স ক্লাব অফ চিটাগং খুলশীর প্রেসিডেন্ট কাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানে দুই শতাধিক জনসাধারণ, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে চোখ পরীক্ষা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদূহা ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধপটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১০