প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উদ্যোগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের স্থাপত্য বিভাগের ষষ্ঠ তলার ৫১০ নম্বর কক্ষে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। সেমিনারে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি হোসেন মুরাদ। মূল বক্তা ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক স্থপতি মোহাম্মদ আলী নাকি।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতাকে শাণিত করতে হবে। শুধু দক্ষতা অর্জন করলেই হবে না, অর্জিত দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। ধারাবাহিক অনুশীলন, সৃজনশীলতা ও দক্ষতার যথাযথ প্রয়োগই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সফল স্থপতি হিসেবে গড়ে তুলবে।
মূল বক্তা অধ্যাপক স্থপতি মোহাম্মদ আলী নাকি ডিজাইন প্রসেসকে কৃষিকাজের সঙ্গে তুলনা করে বলেন, একটি ডিজাইন হঠাৎ করে তৈরি হয় না; এটি ধাপে ধাপে বিকশিত হয়। যেমন একটি গাছ বেড়ে ওঠার জন্য মাটি, পানি, সময় ও যত্ন প্রয়োজন, তেমনি একটি ভালো ডিজাইনের জন্য চিন্তা, বিশ্লেষণ, পরীক্ষা, সংশোধন ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি আয়োজকদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ডিজাইন প্রসেস সম্পর্কে গভীরভাবে শেখার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের এআইয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজেদের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করার পরামর্শ দেন। সেমিনার ও ওয়ার্কশপে স্থাপত্য নকশা প্রণয়নের প্রক্রিয়া, নকশার ধারণা, পরিকল্পনা ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা স্থাপত্য নকশা প্রণয়নের বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি অভিজ্ঞ স্থপতি ও শিক্ষাবিদের কাছ থেকে জ্ঞান ও দিকনির্দেশনা লাভের সুযোগ পায়। প্রেস বিজ্ঞপ্তি।











