প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম অঞ্চলের ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড–২০২৬। বাংলাদেশ গণিত সমিতি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের আয়োজন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগ। এতে চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয় ও ৭টি কলেজের মোট ১২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ৯টায় অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক ও গণিত বিভাগের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এবং বাংলাদেশ গণিত সমিতির কাউন্সিল সদস্য কাজী মো. খায়রুল বাশার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরীসহ গণিত বিভাগের শিক্ষক, আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অন্যতম ভিত্তি হলো গণিত। গণিতচর্চা মানুষের যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। তিনি প্রাচীন ভারতীয় ও গ্রিক গণিতবিদদের অবদানের কথা উল্লেখ করে বলেন, তাদের সৃষ্টিশীল চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাও গণিত ও বৈজ্ঞানিক চিন্তার প্রয়োগের মাধ্যমে আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আয়োজক কমিটির সদস্যসচিব ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মামুন–অর–রশিদ এবং কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. হরধন কুমার মহাজন, সদস্য সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সুমাইয়া ইয়াসমিন, প্রভাষক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, প্রভাষক আফসার উদ্দিন এবং মো. মাহবুবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার পাচ্ছেন ভাষাবিজ্ঞানী মনসুর মুসা
পরবর্তী নিবন্ধবাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না : নাজিমুর রহমান