প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষার ওপর গুরুত্বারোপ

অ্যাডভোকেসি সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

প্রতিবন্ধী শিশুদের একীভূত ও প্রবেশগম্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা অনুযায়ী শিক্ষা সহায়তা, উপযোগী অবকাঠামো এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ। গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) আয়োজিত একীভূত শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভায় তিনি এ কথা বলেন। সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষকদের ইশারা ভাষা প্রশিক্ষণের প্রযোজনীয়তাও তুলে ধরেন।

সভায় প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁদের শিক্ষা, চিকিৎসা ও সহায়ক উপকরণসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ইমপ্যাক্ট গ্রুপের সদস্য হোসনা আক্তার লাভলী দৃষ্টিশক্তি কমে যাওয়ায় শ্রেণিকক্ষের বোর্ডের লেখা দেখতে না পারা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারার বিষয়টি তুলে ধরেন। সিআরসি সদস্য তাসলিমা আক্তার তার শ্রবণপ্রতিবন্ধী ছেলের জন্য হিয়ারিং এইডের ব্যবস্থা করার অনুরোধ জানান।

নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য র‌্যাম্প নির্মাণ, উপযোগী শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষকদের ইশারা ভাষা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ ইকবাল পারভেজ প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তিতে উৎসাহিত করতে প্রচারণার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।

সভায় স্টুডেন্ট কাউন্সিলের সদস্য ফরিদা জাহান তোশি জানান, তার বিদ্যালয়ে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করছে এবং পরস্পরকে সহযোগিতা করছে। এতে বিদ্যালয়ে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি হচ্ছে।

থানা রিসোর্স সেন্টারের প্রধান ইনস্ট্রাক্টর আব্দুল করিম শিক্ষকদের ইশারা ভাষা প্রশিক্ষণ এবং সব ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীর উপযোগী পাঠ পরিকল্পনা তৈরির প্রস্তাব দেন। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), চট্টগ্রামের সুপারিনটেনডেন্ট রুবিনা পারভিনও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ বলেন, একীভূত শিক্ষা নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ে ভর্তি করাই যথেষ্ট নয়, বরং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, উপযোগী শিক্ষা উপকরণ সরবরাহ, অভিভাবকদের সচেতনতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা জরুরি। বিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ আরও সমপ্রসারণ করতে হবে। ডিডিআরসির উদ্যোগে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও লিলিয়ান ফন্ডসের সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্টুডেন্ট কাউন্সিলের সদস্য এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ডায়াবেটিস দিবসের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর রেইনবো নেশনের রোল মডেল হবে চট্টগ্রাম শহর