‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা।
এ উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিস দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. আব্বাস উদ্দিন। সভায় ৪ দিনব্যাপী কর্মসূচির সফল বাস্তবায়নে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং মেলা কমিটির অগ্রগতির প্রতিবেদন পেশ করা হয়। মধ্যে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. সলিমুল্লাহ, ডা.রাশেদা বেগম, ডা. কাজী ফারজানা হক, ডা. মাসুদ করিম, ডা. এম এ মুকিত ও ডা. সুমন রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে ডা. খুরশীদ জামিল চৌধুরী বলেন, মেলা উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আগামী ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ১ম দিন বিনামূল্যে হার্ট, চর্মরোগ, চক্ষু, গাইনি, কিডনি সেবা ও ফুটকেয়ার ক্যাম্প এবং মেডিকেল স্ক্রিনিং। পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত হবে সায়েন্টিফিক সেমিনার। ২য় দিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। পূর্বের মতো ফ্রি হেলথ ক্যাম্পসমূহ ও সায়েন্টিফিক সেমিনার অব্যাহত থাকবে। ৩য় দিন শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাদুকরী ম্যাজিক শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪র্থ দিন থাকবে শোভাযাত্রা ও আলোচনা সভা। সমাপনী দিনে আদর্শ রোগী, সেরা স্টল, চিত্রাঙ্কন বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে। প্রেস বিজ্ঞপ্তি।












