বিগত ১৭বছর ধরে ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সঠিক রাজনৈতিক ও সামাজিক ইতিহাসকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী–জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার মূল ভিত্তি।
তিনি গত ৭ নভেম্বর রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী গত জুলাই–আগস্টের ঘটনাপ্রবাহ স্মরণ করে বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অদম্য বীরত্বে যে স্বৈরাচারী সরকারের পতন হলো, সেটাও দেশের ইতিহাসের অন্যতম সেরা এক বিপ্লব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আন্দোলন ও ত্যাগের বস্তুনিষ্ঠ তথ্য নথিবদ্ধ করে রাখা জরুরি, যাতে পরবর্তীতে আর কেউ ইতিহাস বিকৃত করার দুঃসাহস না পায়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. জহির উদ্দিন, কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না এবং শিক্ষক এম মোরশেদ আলম।
এর আগে দিবসের প্রথম প্রহরে পোমরা জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হুমাম কাদের চৌধুরী। বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সমাবেশে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন প্রধান অতিথি।











