দোহাজারী জিসি–চাগাচার–খাগরিয়া ভোর বাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দীন আহমদ। গত ২৪ আগস্ট বিকেলে তিনি সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন। এ কাজে ব্যয় হবে ১ কোটি ২৩ লাখ টাকা। উদ্বোধনকালে এমপি মো. জসীম উদ্দিন আহমদ বলেন, সড়কটি দোহাজারী পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। দোহাজারী পৌরসভা ও খাগরিয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। শঙ্খনদীর তীরবর্তী হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কটি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দীর্ঘদিনের অবহেলার কারণে সড়কটি সংস্কারে টেকসই কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঠিকাদারকে নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, সড়কটির সংস্কারকাজ শেষ হলে হাজার হাজার মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি এ অঞ্চলে উৎপাদিত সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন সহজ হবে। তিনি চন্দনাইশকে একটি মডেল উপজেলায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন। এমপি বলেন, ইতোমধ্যে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন।
সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, দোহাজারী বিএনপির সাবেক আহ্বায়ক মো. কামাল উদ্দীন, সাবেক সদস্যসচিব বাবু খান, বিএনপি নেতা নাসির উদ্দীন, দোহাজারী পৌরসভা যুবদলের সভাপতি মো. ইফতেখার উদ্দীন সুমন, ব্যবসায়ী শামসুদ্দিন সওদাগর, চন্দনাইশ উপজেলা যুবদলের সভাপতি তরিকুল ইসলাম টুটুল, সদস্যসচিব নেচার উদ্দীন, চন্দনাইশ পৌরসভা যুবদলের সভাপতি আজম খান, সদস্যসচিব শহিদুল ইসলাম, সেলিম উদ্দীন, জয়নাল আবেদীন ও ফরিদ উদ্দীনসহ অনেকে।












