প্যারোলে মুক্তি চিন্ময়ের, অংশ নিলেন মায়ের শেষকৃত্যে

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে তাঁর মা সন্ধ্যা রাণী ধর (৭১) মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে। খবর বাংলানিউজের।

চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আমার মায়ের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ, নিম্ন রক্তচাপসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁকে বুধবার রাতে পুণ্ডরিক ধামে আসা হয়। তাঁর শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণের মুক্তির আবেদন করেছি’। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রয়াত মায়ের শেষকৃত্যে অংশগ্রহণের মানবিক দিক বিবেচনা করে ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল মঞ্জুর করা হয়েছে। এর পর বেলা ৩ টা ৪০ মিনিটে তাকে কারাগার থেকে বের করা হয় এবং বিকাল ৫ টা ৫ মিনিটে তাকে উপজেলার মেখল ইউনিয়নস্থ পুণ্ডরিক ধামে আনা হয়। পরে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে পুণ্ডরিক ধাম থেকে পুনরায় চট্টগ্রাম কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় চিন্ময়কে।

পূর্ববর্তী নিবন্ধ১৪ কোটিতে সিম্ফনি
পরবর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ