কার্তিক মাসে মাঠে মাঠে
সোনালি ধান পাকে
গাছের পাতায় ঘাসের মাথায়
শিশির লেপ্টে থাকে।
ঝিরিঝিরি শীতল হাওয়ায়
মনে লাগে দোলা
সোনা বরণ আমন ধানে
ভরে চাষির গোলা।
প্রকৃতিতে পাখপাখালি
ওড়ে ঝাঁকে ঝাঁকে
শিয়াল ডাকে হুক্কাহুয়া
পশুর নদীর বাঁকে।
সুয্যি মামার মিষ্টি রোদে
দোয়েলে গায় গান
পিঠাপুলি নিয়ে আসে
কার্তিক ও অঘ্রাণ।







