চট্টগ্রামে সামপ্রতিক ভারী বর্ষণজনিত পাহাড়ধস ও দেয়ালধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ১০ জুলাই তিনি রহমান নগরে দেয়ালধসে নিহত শফিকুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে এবং চশমাহিল ৩ নম্বর রোডে পাহাড়ধসে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানার আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি প্রমুখ।
এ সময় জামায়াত আমির বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহতদের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের ঈমানি দায়িত্বও। জামায়াতে ইসলামী সবসময় অসহায়, দুর্গত ও বিপন্ন মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












