সুগন্ধি আগরের বাণিজ্যিক চাষে বদলে যাচ্ছে রাঙামাটির উপজেলা বাঘাইছড়ির পাহাড়ি জনপদ। ব্যক্তিমালিকানাধীন স্থানীয় বাগানগুলোতে বেড়ে উঠছে প্রায় ৩ কোটির অধিক আগরগাছ। এসব গাছের কাঁচামাল উৎপাদন ছাড়াই বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। শুধু দেশের বাজারেই নয়, পাহাড়ে উৎপাদিত আগরের সুগন্ধ ছড়িয়ে পড়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। নিয়মিত রপ্তানি হচ্ছে মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে। মাটি ও আবহাওয়ার অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে আগর চাষ এখন পাহাড়ের লাখো কোটি টাকার সম্ভাবনাময় কৃষিশিল্পে পরিণত হচ্ছে। খবর বাসসের।
স্থানীয়ভাবে আধুনিক প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনা, প্রশিক্ষণ এবং পুঁজির সংকট নিরসন হলে পার্বত্য অঞ্চলের সবচেয়ে লাভজনক অর্থকরী শিল্পে পরিণত হতে পারে খাতটি। দেশের অঞ্চল পার্বত্য চট্টগ্রামে বিপুল সম্ভাবনাময় এই আগর চাষ বাড়ানো গেলে, কর্মসংস্থান বৃদ্ধিসহ আমদানিনির্ভরতা কমবে। সমৃদ্ধ হবে স্থানীয় ও জাতীয় অর্থনীতিও। এ জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আগরের বাণিজ্য সমপ্রসারণে সরকারি–বেসরকারি বিশেষায়িত পরিকল্পনা নেওয়ার দাবি খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের। লাখো কোটি টাকার বাণিজ্যিক এই খাতটি প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রায় রোগ বালাইশূন্য ৮ থেকে ১২ বছর বয়সী আগরগাছে প্রাকৃতিক ও কৃত্রিমভাবে কালো রঙের বিশেষ ছত্রাকের সংক্রমণ থেকে উৎপাদন হয় আতর তেল। এই তেল সুগন্ধি আতর, আগরবাতি, পারফিউম, তেল, লোশন ও ভেষজ ওষুধে ব্যবহৃত হয়। বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত এসব আতর স্থানীয়ভাবে প্রতি তোলা মানভেদে ৬ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হয়। আর পরিপক্ষ গাছ বিক্রি হয় পাঁচ থেকে সাত লাখ টাকায়। তবে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা সীমিত হওয়ায় সিলেটে যাচ্ছে কাঁচামাল। সেখান থেকেই নিয়মিত রপ্তানি হচ্ছে ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সম্প্রতি বাঘাইছড়ি উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে কথা হলে আগরবাগানি, শ্রমিক ও ব্যাপারীরা জানান এসব তথ্য। আগরশিল্প প্রসারে আধুনিক প্রশিক্ষণ, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি স্থাপন ও সহজ শর্তে ঋণপ্রাপ্তির দাবি জানিয়েছেন চাষিরা।
বাঘাইছড়ি ১ নম্বর রাবারবাগান এলাকার আগর বাগানি সুমতি চাকমার বাড়ির একটি খোলা কক্ষে শ্রমিক কাজ করছিলেন। মূলত দা দিয়ে চেঁছে টুকরা গাছের মাঝের কালো অংশটিই তারা সংগ্রহ করেন। শ্রমিক সুকেন্দু চাকমা ও পলাশ চাকমা বলেন, ‘সারা দিনে ১০ থেকে ১২ জনে মিলে এক বস্তা আগর কাঠ সংগ্রহ করা যায়। বড় গাছ হলে দেড় বস্তাও হয়। বাগানি সুমতি চাকমা বলেন, এই এলাকায় ৩ কোটি গাছের স্থানীয় বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। আগরগাছে প্রাকৃতিক ও কৃত্রিমভাবে কালো রঙের বিশেষ ছত্রাকের সংক্রমণ থেকে উৎপাদন হয় আতর তেল। উৎপাদিত আতর স্থানীয়ভাবে প্রতি তোলা মানভেদে ৬ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হয়।
এসব বাগানে তিন কোটির বেশি আগরগাছ আছে। কিন্তু আগর তেল সংগ্রহ করার প্রযুক্তি কম। বাধ্য হয়েই প্রস্তুত করা আগর কাঠ সিলেটের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেই। মানভেদে বস্তাপ্রতি ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাম। আর বয়স্ক গাছ বিক্রি হয় পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত।
সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে আগর কিনতে আসা বেপারী মো. আরিফ বলেন, এখানকার আতর খুবই ভালো। স্থানীয়ভাবে প্রতি তোলা মানভেদে ৩ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়। এই আতর বাইরের দেশে যায়। সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ইউরোপ। বেশি যায় আরব দেশে, সেখানে দাম কয়েক গুণ বেশি।
বাঘাইছড়ির তুলাবন এলাকার বাসিন্দা সুমন চাকমা ২০১২ সালে সিলেটে বেড়াতে গিয়ে উদ্বুদ্ধ হন আগর চাষে। বাড়িতে আগর উৎপাদন করতে ১৪ লাখ টাকায় ছয়টি চুলা বসিয়েছেন। তিনি বলেন, সরকার জরিপ করেছে তিন কোটির ওপরে গাছ আছে শুধু বাঘাইছড়িতে। পাশের এলাকাতেও এমন বাগান আছে। অনেকেই আগ্রহী হচ্ছে। কিন্তু পুঁজির সংকট। সরকারের কাছ থেকে সহজশর্তে ঋণ সহযোগিতা, প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি স্থাপন ও আধুনিক প্রশিক্ষণ দরকার। এতে আরো ব্যাপকভাবে চাষাবাদ বাড়বে। কর্মসংস্থানও বাড়বে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা ডজী ত্রিপুরা বাসসকে বলেন, আগর চাষের বিষয়টি আমাদের নজরে এসেছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যেটা পরিবেশের জন্য ভালো এবং মানুষের উপকার হয় সে ধরনের প্রজেক্ট আমরা গ্রহণ করি। জনগণ আরো উৎসাহী হলে আমরা অবশ্যই একটা পরিকল্পনা গ্রহণ করতে পারি।
পার্বত্যাঞ্চলের ভূমির প্রকৃতি বনায়নের জন্য উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের অংশীদারি দিয়ে এরই মধ্যে বন বিভাগ ১৩ লাখ আগরগাছ রোপণ করেছে।
রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার বাসসকে বলেন, পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ভূমির প্রকৃতি পুরোটাই বনায়নের জন্য উপযুক্ত। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত তিন বছরে আগর বনায়নের একটি প্রকল্পের আওতায় ৫১৮ হেক্টর জমিতে স্থানীয় বাসিন্দাদের অংশীদারি দিয়ে বনায়ন করেছে বন বিভাগ। এদিকে, পার্বত্য অঞ্চলে আগর শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু। তিনি বাসসকে বলেন, রাঙামাটি জেলায় যারা আগর চাষ করছেন তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এই আগর চাষ সবুজায়নেও ভূমিকা রাখছে। আগরের বাজারজাত করণের উদ্যোগে নেয়া হবে।












