জুনিয়রকে ডাকা নিয়ে চুয়েটে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫; সাংবাদিককে হেনস্তা

চুয়েট প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ৪:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক দফা মারামারি হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাঁদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ভৈরব কেন নিষেধ করেছিলেন, তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থী দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়।
পরে বিষয়টি নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি সভা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়া ওই সভায় দুই পক্ষেরই শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সভার একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ অনেকে মারামারিতে জড়িয়ে পড়েন।

শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা মারামারি হয়।

ভৈরব বর্মণ বলেন, “আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আব্দুল্লাহরা ছিল।

শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল, ওরা নিজেরা সিন ক্রিয়েট করে আমার বন্ধুদের মারে। এরকম পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।”
এ ব্যাপারে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

চুয়েট চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন জোর করে অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে সংঘর্ষের সময় আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন ভিডিও ধারণ করছিলেন। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনেকে নিজেরাই জড়িয়ে পড়েন। তাঁরা ভিডিও করার কারণ জানতে চান এবং স্বাধীনের ওপর চড়াও হন। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, সিসিটিভি দেখে তাঁদের শনাক্ত করে পরিচয় প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টা, যুবকের ৬ মাসের কারাদণ্ড