সেন্ট মার্টিনে চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

আজাদী অনলাইন ডেস্ক

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১২:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে দুপুরের খাবারে চিংড়ি খেয়ে অসুস্থ হওয়ার পর মো. ইব্রাহিম নামের আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সেন্ট মার্টিন বাজারের একটি হোটেলে খাবার খান ইব্রাহিম। চিংড়ি খাওয়ার পর তিনি অস্থির বোধ করেন, পরে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে সেন্ট মার্টিনের ২০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।

বিকেল তিনটার দিকে স্পিডবোটে তাঁকে টেকনাফে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. এনামুল হক জানান, ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।

সেন্ট মার্টিন হাসপাতালের চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, ইব্রাহিমের সঙ্গে আসা ব্যক্তিরা জানিয়েছেন, রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর আগে থেকেই তীব্র অ্যালার্জিজনিত শক বা অ্যানাফাইল্যাক্টিক শকের সমস্যা ছিল বলেও তিনি জানান।

ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম জানান, তাঁরা তিন বন্ধু একসঙ্গে ভ্রমণে এসেছিলেন। একই হোটেলে খাওয়ার পর ইব্রাহিম অসুস্থ হয়ে পড়েন।

টেকনাফের ইউএনও এস এম অনীক চৌধুরী ঘটনাটিকে বেদনাদায়ক বলে উল্লেখ করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের মতো নিপীড়ক দল হবে না বিএনপি