নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সারসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা কোস্ট গার্ড আউটপোস্টের সদস্যরা পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের জন্য প্রস্তুত রাখা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ৬ জনকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্য ও বোট হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












