নগরীর পতেঙ্গায় তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম মো. রাজীব। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক এসএম জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত মো. রাজীব কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজাদীকে বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়।
ট্রাইব্রুনালসূত্র জানায়, ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি নগরীর পতেঙ্গার কাটগড় হিন্দুপাড়া এলাকায় তরুণী ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের মা পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে আসামি রাজীব বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে তরুণীর মা কর্মস্থলে থাকার সুযোগে রাজীব ওই বাসায় যান। কথোপকথনের একপর্যায়ে তিনি ঘরের দরজা বন্ধ করে তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ট্রাইব্যুনালসূত্র জানায়, তদন্ত শেষে চার্জশিট দাখিল হলে ২০২০ সালের ১৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












