পটিয়ায় পাঁচ বছরের শিশু জায়হান আবরার হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে পটিয়া থানার মোড় চত্বরে শত শত মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে নিহত শিশুর শোকার্ত পরিবার, আত্মীয়–স্বজনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন জায়হানের মা জোবাইদা বেগম। তিনি বলেন, পৈশাচিক কায়দায় আমার কোল খালি করা হয়েছে। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমি আমার সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।
নিহত শিশুর বাবা মো. শাহজাহান বলেন, আমার নিষ্পাপ শিশুটির মরদেহ উদ্ধার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ প্রশাসন যে ভূমিকা পালন করেছে, তার জন্য কৃতজ্ঞ। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। সমাবেশে বক্তব্য দেন ফরিদ আহমদ, মফিজুর রহমান, নাজিম উদ্দীন, জমির উদ্দীন আজাদ ও ছাত্রদল নেতা আলী হোসেন। বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরের দাবি জানান।
একই কর্মসূচিতে গোবিন্দারখীল এলাকায় সমপ্রতি নিহত ব্যবসায়ী আবুল কাশেম হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। পরে জায়হানের বাবা–মা ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের কাছে স্মারকলিপি দেন। ইউএনও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, পটিয়া পৌর সদরের পূর্বপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর প্রতিবেশী সাইফুলের বাড়ির পেছন থেকে শিশু জায়হানের বস্তাবন্দি ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। মুক্তিপণের লোভে প্রতিবেশী সাদিয়া সুলতানা নিহা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী নিহাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।











