ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রামের উদ্যোগে ‘জুলাই বিপ্লব: ন্যায়, সাম্য ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) নগরীর চকবাজার এলাকার কিশলয় কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এনডিএফ চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. এ.টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে এবং ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমান, এনডিএফ ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. হাসানুল বান্নাহ এবং সদস্য ডা. ইরফান।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত বিভিন্ন আলোকচিত্র, দলিল ও স্মারক নিয়ে আয়োজিত ‘জুলাই স্মৃতি প্রদর্শনী’ উদ্বোধন করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে ন্যায় ও সাম্যের ভিত্তিতে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁরা বলেন, “একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” একইসঙ্গে জুলাই বিপ্লবের আদর্শ ও চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ন্যায়, সাম্য ও জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।












