বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের (বাফা) সভাপতি মো. আরিফুল আহসান বলেন, আমদানি পণ্য চালানের বিপরীতে ডেলিভারি অর্ডার বা এনওসি গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত চার্জের অতিরিক্ত কোনো অর্থ আদায় করতে পারবে না ফ্রেইট ফরওয়ার্ডার প্রতিষ্ঠান। এ বিষয়ে বাফার সদস্যভুক্ত সকল ফ্রেইট ফরওয়ার্ডার প্রতিষ্ঠানকে ইতোমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সদস্য প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করে অতিরিক্ত চার্জ আদায় করলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ডিজি কার্গোর নামে কোনো ধরণের অন্যায্য চার্জ আদায় না করার জন্যও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের আমদানি বাণিজ্য গতিশীল ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে বাফা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। গতকাল চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন ও বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা)-এর মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ২য় সহ–সভাপতি এবং শিপিং এজেন্টস ও ফ্রেইট ফরওয়ার্ডার্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে এবং ২য় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মো. শওকত আলী বলেন, সমপ্রতি কাস্টমস কর্তৃপক্ষ কায়িক পরীক্ষণ কার্যক্রমের ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা জারি করেছে। মাঠপর্যায়ে এসব নির্দেশনার প্রয়োগে অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি এবং আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের হয়রানির আশঙ্কা রয়েছে, যা সিএন্ডএফ এজেন্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দ্রুত পণ্য খালাসের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নির্দেশনাটি অবিলম্বে প্রত্যাহারের জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে কমিশনার অব কাস্টমস এর কাছে জোর দাবি জানানো হবে। সভার সভাপতি মো, সাইফুদ্দিন আমদানিকারকের নিকট থেকে নিয়মবহির্ভূত চার্জ আদায় বন্ধে বাফার গৃহীত উদ্যোগকে স্বাগত জানান। তিনি আইজিএম সংশোধনীর প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণে বাফার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আমদানি–রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্ট উদ্ভুদ সমস্যা সমাধানে শিপিং এজেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন মিলে একটি যৌথ মনিটরিং সেল গঠনের প্রস্তাব করেন।
সভায় বাফার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. বখতিয়ার, পরিচালক মোস্তাক আহমেদ তালুকদার, জন এন মন্ডল, আরিফুল আলম মজুমদার ও সদস্য খায়রুল আলম (সুজন) বক্তব্য রাখেন। এছাড়া চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ১ম সহ–সভাপতি মো. নুরুল আবছার, ৩য় সহ–সভাপতি আবু সালেহ, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন সম্পাদক এস এম ফরিদুল আলম, নির্বাহী সদস্য মো. মনিরুল ইসলাম, মো. শাহনেওয়াজ রুমি ও মো. আলমগীর সরকার বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন বাফার পরিচালক হাসান আহমেদ কামাল ও শেখ মো. শামিদুল হক। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল হক আলমগীর, অর্থ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, প্রচার ও দপ্তর সম্পাদক আহমাদ শহীদ উদ্দিন, নির্বাহী সদস্য আহমদ উল্লাহ তালুকদার রিন্টু এবং সদস্য মো. মাহবুবুর রহমান সাগর, মো. নজরুল ইসলাম ও মো. সফিকুর রহমান।










