নিবন্ধনহীন ও অদক্ষ ব্যক্তিরা ডেন্টাল চিকিৎসা দিলে কঠোর ব্যবস্থা

ডেন্টাল সোসাইটির প্রথম সায়েন্টিফিক কনফারেন্সে চসিক প্রশাসক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নিরাপদ ও মানসম্মত ডেন্টাল চিকিৎসাসেবা নিশ্চিত করতে অদক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীতে নিবন্ধনহীন ও অযোগ্য ব্যক্তিদের ডেন্টাল চিকিৎসা কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে ডেন্টাল সোসাইটির সদস্যদেরও প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

গতকাল চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত প্রথম সায়েন্টিফিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, চিকিৎসাসেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষ যাতে নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকদের কাছ থেকে নিরাপদ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমের তথ্য ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে সরবরাহ করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মনোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসীম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম। বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ–পরিচালক ডা. মাসুম ইফতেখার, ডেন্টাল সোসাইটির সহ সভাপতি ডা. মুহাম্মদ সরোয়ার কামাল, যুগ্ম সম্পাদক ডা. আতিক মাহমুদ, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. রাহাত খান অঞ্জন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাবেন প্রতিহত করুন
পরবর্তী নিবন্ধধর্ম ও সংস্কৃতি প্রসারের পথিকৃৎ ঠাকুর অনুকূলচন্দ্র : বিজন সরকার