নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

বরকলে নৌকাডুবি

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নে ইঞ্জিনচালিত নৌকাডুবির ৩ দিন পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকায় মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত যুবকের নাম মো. ওবায়দুল্লাহ (১৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিসীমা এলাকার মো. মোবারক হোসেনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটি কাটাতে বড় ভাইয়ের শ্বশুরবাড়ি বরকলের বাঙ্গালটিলা এলাকায় এসেছিলেন।

স্থানীয়রা জানায়, গত ৩১ মে বিকাল ৫টার দিকে ঈদের দাওয়াত খেয়ে আমবাগান থেকে বাঙ্গালটিলা যাচ্ছিলেন তারা। নৌকায় ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ২ শিশুসহ মোট ৯ জন যাত্রী ছিল। মাঝপথে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে উদ্ধার করতে পারলেও ওবায়দুল্লাহকে খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে হ্রদে তল্লাশি চলছিল। তিন দিন পর গতকাল মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষক আহত
পরবর্তী নিবন্ধরাউজানে নারীর দায়ের কোপে যুবক আহত