নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সরকার আন্তরিক

হেমন্ত উৎসবে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

সরকার নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক। গতকাল বুধবার উই বাজারের উদ্যোগে হোটেল আগ্রাবাদ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী হেমন্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু ঋণ প্রদান নয়, নারী উদ্যোক্তারা যাতে ঋণ গ্রহণ করে সঠিকভাবে তা কাজে লাগাতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। উই বাজারের উদ্যোগে সপ্তাহব্যাপী হেমন্ত উৎসবের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা তাদের পণ্যের বাজারজাতকরণের সুযোগ পাবে।

সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, উই বাজার চিটাগাং উইম্যান চেম্বারের একটি উদ্যোগ। যার মাধ্যমে অনলাইন-অফলাইনে ক্ষুদ্র উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা বিক্রয় করতে পারে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, প্রাক্তন পরিচালক হুমায়রা মোস্তফা সোহানী, সদস্য মাইনু নিজাম, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, পারভীন আক্তার প্রমুখ। শুরুতেই অতিথিবৃন্দ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে হেমন্ত উৎসবের সূচনা করেন। মেলা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক বিএনপির
পরবর্তী নিবন্ধজামালখানে বই বিনিময় উৎসব কাল