নভেম্বরে হলুদ, মরিচ গুঁড়া ও চা পাতা বিক্রি করবে টিসিবি

ভোক্তাদের জন্য পণ্যের পরিসর বাড়ানোর উদ্যোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে আরও পণ্যের পরিসর বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের মাঝে টিসিবির প্রতিমাসের ফ্যামিলি প্যাকেজের সঙ্গে নভেম্বর থেকে নতুন করে যুক্ত হচ্ছে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা পাতা। টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে প্রতি মাসের প্যাকেজে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, কাপড় কাচার সাবান, গোসলের সাবান, ডিটারজেন্ট বিক্রি করছে।

ভোক্তাদের জন্য পণ্যের পরিসর বাড়ানো, বাণিজ্যিক আয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমাতে আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা পাতা বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নতুন পণ্যগুলোও বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হবে বলে জানা গেছে। এই ব্যাপারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রধান কার্যালয়ের উপ পরিচালক (বাণিজ্যিক) মোঃ শাহাদত হোসেন গতকাল আজাদীকে জানান, ভোক্তাদের মাঝে নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা পাতা বিক্রির পরিকল্পনা রয়েছে।

টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম মহানগরী ও জেলায় মিলে টিসিবির স্মার্ট কার্ডধারী ৩ লাখের বেশি পরিবার সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে আসছে। এরমধ্যে নগরীতে ১ লাখ ৩০ হাজারের বেশি স্মার্ট কার্ডধারী পরিবার প্রতিমাসে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাচ্ছেন। অবশিষ্ট ভোক্তারা উপজেলা পর্যায়ের।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন গতকাল আজাদীকে বলেন, আমরা এখন প্রতি মাসের প্যাকেজে ভোক্তাদের মাঝে চিনি, তেল, ডাল, সাবান ও ডিটারজেন্ট দিচ্ছি। চাল এখন বন্ধ। নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা পাতা বিক্রির ব্যাপারে আমাদের কাছে আজকে (গতকাল) একটি নির্দেশনা এসেছে। অফিস খুলে বিস্তারিত জানতে পারবো। চট্টগ্রামে এখন (চট্টগ্রাম মহানগরী ও উপজেলা পর্যায়ে) টিসিবির ফ্যামিলি কার্ডধারী ৩ লাখের বেশি পরিবার প্রতিমাসে ভর্তুকি মূল্যের নিত্যপণ্য সামগ্রী পাচ্ছেন। বতর্মানে ট্রাকসেল বন্ধ বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘস্থায়ী হলে চাপে পড়বে অর্থনীতি