দেশে নদ–নদীর অবৈধ দখলদার ২১ হাজার ৯৮২ জন বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকার বরাত দিয়ে তিনি এ তথ্য দেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এই জবাব উপস্থাপন করা হয়। নৌমন্ত্রী বলেন, এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ এবং উচ্ছেদ কর্মপরিকল্পনা পাঠাতে সব জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, অবিলম্বে উচ্ছেদযোগ্য তালিকা পাওয়া সাপেক্ষে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। খবর বিডিনিউজের।
বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন সংস্থা–বিআইডব্লিউটিসির অধীনে এখন ৪৭টি চলাচলযোগ্য ফেরি আছে। এর মধ্যে ১২টি ‘রো–রো’, ১৬টি ‘মিডিয়াম’, ৮টি ‘ইমপ্রুভড মিডিয়াম’ ও ১১টি ‘ইউটিলিটি’ ফেরি। তিনি বলেন, বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন শিপইয়ার্ড নির্মাণ প্রকল্পের আওতায় ছয়টি ইউটিলিটি ফেরি নির্মাণাধীন আছে। সেগুলো আগামী জুনের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পুরোনো ফেরির বদলে আরও ১৫টি মিডিয়াম ফেরি, পাঁচটি ইউটিলিটি ফেরি এবং উপকূলীয় অঞ্চলের জন্য দুটি ‘রোপ্যাঙ ফেরি’ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।












