বাজলো দূরে সুখের বাঁশি
ফুটলে জামরুল ফুল
হেমন্তকে চিনতে কারো
হয় না মোটে ভুল।
নতুন ধানের গন্ধে চাষীর
উঠোন ভরে যায়
গাঁয়ের ঢেঁকি ঢকর ঢকর
শব্দ করে যায়।
পল্লীজুড়ে সুখের আমেজ
বাউল গানের সুর
বাবলা ফুলে পরশ বুলায়
সোনালি রোদ্দুর।
হেমন্ত তো সর্ষে ফুলে
মৌমাছিদের ঝাঁক
আতার ডালে হলদে পাখির
কুটুম পাখির ডাক।









