চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৬৮ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নগরীর জিইসি মোড় এবং দেওয়ানহাট এলাকায় বিক্ষোভ মিছিলের পর সিএমপি এই বিশেষ অভিযান পরিচালনা করে। গতকাল সোমবার সিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, কোতোয়ালী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন, ডবলমুরিং থানায় ৭ জন, ইপিজেড থানায় ৩ জন, বাকলিয়া ও কর্ণফুলী থানায় ২ জন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় একজন করে গ্রেপ্তার হয়েছেন।
সিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











