স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটির (২০২৬–২০২৮) নব নির্বাচিত নেতারা। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব পরিচালক এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান সারিস্ত বিনতে নুর, রিহ্যাব পরিচালক এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান এএসএম আবদুল গাফফার মিয়াজী, রিহ্যাব সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস.এম শহীদুল্লাহ ও আশীষ রায় চৌধুরী। সাক্ষাতকালে রিহ্যাব নেতারা বলেন, রিহ্যাব চট্টগ্রাম নগরীর উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে। দৈনিক আজাদী দীর্ঘ ৬৬ বছর ধরে চট্টগ্রামের উন্নয়ন, দুঃখ–দুর্দশা এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরছে। একই সাথে দৈনিক আজাদী চট্টগ্রামের উন্নয়নের প্রধান সারথী হিসেবেও কাজ করছে। আজাদী সব সময় রিহ্যাবের পাশে থেকে চট্টগ্রামের উন্নয়নের অগ্রযাত্রাকে উৎসাহিত করেছে। ভবিষ্যতেও দৈনিক আজাদী রিহ্যাবের পাশে থাকবে বলে নেতারা প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক রিহ্যাব নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং চট্টগ্রামের শীর্ষ পত্রিকা হিসেবে দৈনিক আজাদী বিগত দিনের মতো চট্টগ্রামের উন্নয়ন ও দুর্ভোগের বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে তুলে ধরবে বলে রিহ্যাব নেতাদের জানান।













