চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৬ তম বাষির্কী উদযাপন উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে বক্তারা চট্টগ্রাম যুব বিদ্রোহের দিন ১৮ এপ্রিলকে জাতীয় যুব দিবস ঘোষণা করার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার উদ্যোগে যুব সমাবেশ বক্তারা এই দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রগতিশীল যুব আন্দোলনের বিকল্প নেই। সামপ্রদায়িকতা, উগ্রবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, সাংবাদিক ও প্রাবন্ধিক সুভাষ দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অপূর্ব সাহা প্রমুখ।
যুব সমাবেশ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন সংগীত ভবন, পদ্ম নৃত্যকলা একাডেমি, লোকজ গানের ব্যান্ড দল সরলা। প্রেস বিজ্ঞপ্তি।














