জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে গতকাল মঙ্গলবার নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে উলামা–মাশায়েখের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন–মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই বিপ্লবের পূর্বমুহূর্তে দেশ গভীর অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে ছিল। আল্লাহর সাহায্য তখনই আসে, যখন তাঁর বান্দারা সত্য ও ন্যায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ ও সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করে। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক উদ্যোগগুলোর মধ্যে জুলাই চার্টার প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে এই চার্টার প্রণয়ন করা হয়। কিন্তু বর্তমানে সেই অঙ্গীকার থেকে সরে গিয়ে দেশকে আবারও অতীতের ফ্যাসিবাদী ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবকে কোনোভাবেই দলীয়করণ করা উচিত নয়, এতে যার যতটুকু অবদান রয়েছে, তা যথাযথভাবে স্বীকৃতি দিতে হবে। সভায় ওলামা বিভাগের সহকারী দায়িত্বশীল মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, মাওলানা রহুল আমীন, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ ফিরদাউস, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম ছিদ্দীকি, মাওলানা বেলাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












