প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল থাকা বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত দুটি ইউনিয়নের নাম বদলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করে এই নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া–২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য। তার বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। সমপ্রতি মোকামতলা উপজেলায় নবগঠিত দুটি ইউনিয়নের নামকরণ করা হয়– ‘সীমান্ত ইউনিয়ন’ ও ‘দিগন্ত ইউনিয়ন’ নামে। প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকার নতুন এ দুই ইউনিয়ন গঠনের গেজেট ১১ জুন প্রকাশ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা–সমালোচনা শুরু হয়। বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। দুই নতুন ইউনয়েনের নামের সঙ্গে এ নিয়ে মিল থাকায় সংসদে প্রশ্ন তোলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম। সেদিন প্রতিমন্ত্রী ইউনিয়ন করার ব্যাখ্যা দিয়ে বলেন, তার নির্বাচনি এলাকা বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন দুটি আয়তনে অনেক বড় ছিল। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক যাচাই–বাছাই করে, গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী ও সোনাতলা উপজেলা সীমান্তে, সে কারণে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছে ‘সীমান্ত ইউনিয়ন’। দেউলী ইউনিয়নের নামকরণের বিষয়ে তিনি বলেন, এটি গাইবান্ধার একদম কাছে এবং অনেক দূরবর্তী হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনগণের শুনানির ভিত্তিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’। খবর বিডিনিউজের।
শাহে আলম বলেন, মিরাকল হচ্ছে, আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই। কিন্তু আমার সন্তানদের নাম হচ্ছে মীর সীমান্ত, মীর দিগন্ত।
বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনার মধ্যেই নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা পেল বগুড়া জেলা প্রশাসন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস–ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।












