চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে দায়িত্ব নেওয়ার ১৭ দিনের মাথায় প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গত রোববার রাতে সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী এ আদেশ জারি করেন। সিএমপি সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পাঠানো একটি আধা সরকারি (ডিও) পত্রের ভিত্তিতে মন্ত্রণালয় বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–২ অধিশাখার উপ–সচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে মুহাম্মদ শরীফের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থসংশ্লিষ্ট অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি শরীফকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগগুলো তদন্তে একজন উপ–কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুহাম্মদ শরীফ এর আগে কর্ণফুলী থানার ওসি, সিএমপির বিশেষ শাখা এবং অ্যাস্টেট অ্যান্ড বিল্ডিং শাখায় দায়িত্ব পালন করেন। গত ১৮ জুন তিনি সদরঘাট থানার ওসি হিসেবে যোগ দেন। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে মুহাম্মদ শরীফ সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।










