আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে বৌদ্ধধর্মের দর্শন ও শিক্ষা থেকে উপলব্ধি করি যে তথাগত সম্যক গৌতম বুদ্ধ মানুষের মুক্তি ও কল্যাণের পথ হিসেবে শীল, সমাধি ও প্রজ্ঞার অনুশীলনের শিক্ষা দিয়েছেন। পঞ্চশীল মানুষকে প্রাণীহত্যা, চুরি, কুকর্ম, মিথ্যাচার ও মাদকাসক্তি থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষার চর্চা মানুষের মনকে বিদ্বেষমুক্ত করে এবং সহনশীল, আত্মসংযমী ও মানবিক চরিত্র গঠনে সহায়তা করে। বর্তমান সময়ে মাদকাসক্তি, উচ্ছৃঙ্খল জীবনযাপন ও কিশোর গ্যাং সংস্কৃতির মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে বুদ্ধের এই শিক্ষা আজও অত্যন্ত প্রাসঙ্গিক ও কার্যকর।
যদি ইসলামের আলোকে বিষয়টি দেখি, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে বিবেচিত। তিনি সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমাশীলতা ও মানবসেবার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে একজন মানুষ আত্মসংযমী, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে যা ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যদি হিন্দুধর্মের আলোকে বিষয়টি বিবেচনা করি, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে সমৃদ্ধ শ্রীমদ্ভগবদ্গীতা মানুষকে সত্য, ধর্ম, ন্যায়, আত্মসংযম ও নিষ্কাম কর্মের মহৎ আদর্শে উদ্বুদ্ধ করে। লোভ, ক্রোধ ও অহংকারকে জয় করে কর্তব্যের পথে অবিচল থাকা এবং সকল প্রাণীর কল্যাণে নিজেকে নিবেদিত করার যে শিক্ষা হিন্দুধর্ম প্রদান করে তা একজন মানুষকে নৈতিক, আদর্শবান ও মানবিক চরিত্র গঠনে অনুপ্রাণিত করে।
যদি খ্রিস্টধর্মের আলোকে বিষয়টি দেখি, প্রভু যিশু খ্রিস্টের জীবন ও শিক্ষা ভালোবাসা, ক্ষমাশীলতা, বিনয় ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মানুষকে প্রতিবেশীর প্রতি ভালোবাসা, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন। তাঁর শিক্ষা ব্যক্তি ও সমাজে শান্তি, সমপ্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আজও সমানভাবে প্রাসঙ্গিক।
মানুষের ধর্ম ও উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু চারটি ধর্মই মানুষকে সত্য, ন্যায়, সংযম, ভালোবাসা, ক্ষমাশীলতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগে তরুণ প্রজন্মকে ধর্মের প্রকৃত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা আজ সময়ের দাবি। মাদকাসক্তি, উচ্ছৃঙ্খল জীবনযাপন, কিশোর গ্যাং, সহিংসতা এবং নৈতিক অবক্ষয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ধর্মানুশীলনের কোনো বিকল্প নেই। ধর্মীয় মূল্যবোধে গড়ে ওঠা নৈতিক, আত্মসংযমী ও মানবিক তরুণরাই আগামী দিনের শান্তিপূর্ণ, সমপ্রীতিময় ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।












