জ্বালানি সংকট নিরসন করা হোক

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

দেশের পরিবহন ব্যবস্থার একটি বড় অংশ আজ সিএনজিচালিত যানবাহনের ওপর নির্ভরশীল। প্রতিদিন লাখো মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা জরুরি প্রয়োজনে এসব যানবাহনের মাধ্যমে যাতায়াত করেন। অথচ সামপ্রতিক সময়ে দেশের প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট পরিবহন খাতকে কার্যত অচল করে তুলেছে। ভোর থেকেই অসংখ্য গাড়িচালক ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন। অনেকের অভিযোগ, সকাল থেকে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, তবুও গ্যাসের দেখা মেলে না। এতে দেখা দিচ্ছে যানবাহনের সংকট। কোথাও কোথাও এটাকে পুঁজি করে অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে, যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়া পরিবহন খাত একটি দেশের অর্থনীতির চালিকাশক্তি। সেই খাত যদি জ্বালানির অভাবে থমকে যায়, তাহলে তার প্রভাব বাজার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক জনজীবনের ওপর পড়বে এটাই স্বাভাবিক। তাই এই সংকটকে সাময়িক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করা এখন সময়ের দাবি। মানুষের প্রত্যাশা খুব বেশি নয়। তারা শুধু চান ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নয়, স্বাভাবিকভাবে জ্বালানি নিয়ে জীবিকার চাকা ঘুরিয়ে রাখতে। তাই সিএনজি সংকট নিরসনে দ্রুত, কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করাই হবে জনস্বার্থ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রনি মুহুরী

শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধতরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে ধর্মানুশীলনের ভূমিকা