ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে জনগণকে সচেতন করতে মাঠে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবদলের উদ্যোগে কল্পলোক আবাসিক এলাকায় আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে গতকাল শুক্রবার তিনি এসব কথা বলেন।
নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে রাজনৈতিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মসূচিতে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কল্পলোক আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













