মহেশখালীতে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. লোকমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত ৮টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঠালতলী পাড়ায় এ অভিযান চালানো হয়।
মহেশখালী থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাঠালতলী পাড়ার বাঁশতলা এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে একজনকে হত্যার উদ্দেশ্যে অবস্থান করছেন। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পাহাড়ের দিকে পালিয়ে গেলেও পুলিশ মো. লোকমানকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে ফেরার সময় তার সঙ্গীয় লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে একটি দেশিয় তৈরি এলজি ও লাল রঙের এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. লোকমান উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারাসহ মোট ১১টি মামলা রয়েছে।












