দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। গতকাল সকালে স্কোয়াডের প্রথম বহর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল শেষে টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে পা রাখবেন। সেই তালিকায় আছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমও। চার নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল সাজিয়েছে পাকিস্তান। প্রথমবারের মত পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশ সিরিজ দিয়ে কোচ হিসেবে পথচলা শুরু হবে সরফরাজের। ৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রের অংশ। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ২টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১টি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। ১টি করে জয়–হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাকিস্তান। পাকিস্তান টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম–উল–হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।













