টেকনাফের ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাওয়া সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোটসহ আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. অনীক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১২), হেলাল (১১), লালয়া (১৯), সৈয়দ আলম (২১) ও ফয়সাল (২২)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। আটক হওয়া দুটি মাছ ধরার বোটের মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মো. রাজ্জাক (৪০)

স্থানীয় জেলেদের ভাষ্য, শাহপরীর দ্বীপের দক্ষিণপূর্ব পাড়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট নিয়ে মাছ শিকারে যান জেলেরা। মাছ ধরে ফেরার পথে অনিচ্ছাকৃতভাবে তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

শাহপরীর দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, ২ বিজিবির অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণপূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায়, মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে জেলেদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ৭ জন জেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধশিপইয়ার্ড ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বাস-টেক্সি সংঘর্ষ,প্রাণ গেল ২ জনের