চট্টগ্রামের কর্ণফুলী টানেল দেশের যোগাযোগ ব্যবস্থায় এক অনন্য সংযোজন। প্রতিদিন হাজারো মানুষ কর্মস্থল, ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে এই টানেল ব্যবহার করেন। তবে উদ্বেগজনক বিষয় হলো, রাতের বেলায় টানেল এবং এর সংলগ্ন এলাকায় চলাচলের সময় অনেকেই ছিনতাই, হয়রানি, বখাটেদের উৎপাত ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কায় থাকেন। এমন পরিস্থিতি শুধু সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর প্রতি মানুষের আস্থাও কমিয়ে দেয়। যদিও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে, তবুও বাস্তবতার নিরিখে রাতের সময় নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জোরদার করা প্রয়োজন। নিয়মিত ও দৃশ্যমান পুলিশি টহল বৃদ্ধি, টানেলের প্রবেশ ও নির্গমনমুখে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, আধুনিক সিসিটিভির সার্বক্ষণিক পর্যবেক্ষণ, পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিতকরণ এবং জরুরি সহায়তার জন্য দ্রুত প্রতিক্রিয়াশীল হেল্পলাইন চালু করা এখন সময়ের দাবি। একই সঙ্গে সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন মানুষ সেই উন্নয়নের সুফল নিরাপদে ভোগ করতে পারে। তাই কর্ণফুলী টানেল ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এখন কেবল একটি দাবি নয়, বরং জননিরাপত্তা নিশ্চিত করার অপরিহার্য প্রয়োজন।
আশিক বিন আলম সোহাগ
শিক্ষার্থী,
সমাজবিজ্ঞান বিভাগ,
চট্টগ্রাম কলেজ










