আগের দিনই সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন ফুটবলকে বিদায় বলে দিচ্ছেন তিনি। পরদিন শুক্রবার ম্যাচ শুরুর আগে গার্ড অব অনার দেওয়া হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক চট্টগ্রামের সন্তান মামুনুল ইসলামকে। ফর্টিস এফসি অধিনায়ক হিসেবে ম্যাচ শুরু করেন তিনি। কিক অফের পর প্রথম পাসটিও দেওয়া হলো মামুনুলকে। এরপর ২৫তম মিনিটে মাঠ ছাড়লেন এই মিডফিল্ডার। তখনও পেলেন সতীর্থ–প্রতিপক্ষের অভ্যর্থনা। টানেলেও তাকে আলিঙ্গনে বাঁধলেন কেউ কেউ। পেশাদার ফুটবলের ইতি টেনে দেওয়ার ম্যাচটি মামুনুলময় হয়ে উঠল। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার মামুনুলের বিদায়ী ম্যাচে ফর্টিস এফসিও পেল রোমাঞ্চকর জয়। পাঁচ গোলের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে তারা হারিয়েছে ৩–২ ব্যবধানে। আগের দিনই আবেগঘন বার্তায় পেশাদার ক্যারিয়ারের বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন মামুনুল। তার বিদায়কে রাঙাতে চেষ্টার ত্রুটি রাখেনি ফর্টিস। মামুনুলের বিদায়ী ক্ষণ রাঙাতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় দলটি। চতুর্থ মিনিটে জায়েদ আহমেদের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। একাদশ মিনিটে ওনিয়েকাচি ওকাফোরের ফর্টিসকে সমতা ফেরান। ২০তম মিনিটে কোয়াডো অ্যান্ড্রু রহমতগঞ্জকে ফের এগিয়ে নেন। দুই মিনিট পরই পা ওমার বাবুর লক্ষ্যভেদে ঘুরে দাঁড়ায় ফর্টিস। তিন মিনিট পর মামুনুলকে তুলে নেন ফর্টিস কোচ। এই সময়ে মাঝমাঠে নিজের মতো করেই আলো ছড়িয়েছেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ওমারের গোলে ফের এগিয়ে যায় ফর্টিস। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় পার করে অষ্টম জয় তুলে নেয় তারা। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফর্টিস।













